সুস্মিত মুখার্জি : হাওড়ার বাঁকড়া বাজারে গভীর রাতে একাধিক ফলের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি ফলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে।
কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য দোকানেও। ফলের দোকানগুলিতে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। তাঁরাও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ থেকে ৭টি ফলের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

Be the first to comment