প্রতিবেদন: শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ। ভেঙে দেওয়া হয় তাঁর মোবাইল ফোন। মারধরের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। হাওড়ার কালীবাবু বাজারের ঘটনা। ঘটনায় অভিযুক্ত ওমপ্রকাশ সাউকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃতকে এলাকায় খালি পায়ে ঘোরালো পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে ওমপ্রকাশ সাউ ও তার কয়েকজন সঙ্গী বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় বাজি গিয়ে পড়ে এক মহিলার গায়ে। প্রতিবাদ করেন মহিলা ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ, এরপরই দফায় দফায় তাঁদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিযুক্তরা। এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে ওমপ্রকাশ সাউকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এলাকার মানুষের মনে আতঙ্ক দূর করে পুলিশের প্রতি আস্থা ফেরানোর বার্তা দিতে বুধবার অভিযুক্ত ওমপ্রকাশ সাউকে কালীবাবু বাজার এলাকায় ঘোরানো হয়।

Be the first to comment