নদিয়া, ১৯ নভেম্বর: নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে বৃহস্পতিবার কালীগঞ্জে ডিম ও পাথর ছোড়া এবং তাঁর গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নদীর ঘাটের সিঁড়ি উদ্বোধনে যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সাংসদ। এই ঘটনায় তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় কালীগঞ্জের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি নদীর ঘাটের সিঁড়ি উদ্বোধনের কর্মসূচি ছিল মহুয়া মৈত্রের। অভিযোগ, উদ্বোধনী স্থলের কাছাকাছি পৌঁছনোর আগেই সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ একদল ব্যক্তি তাঁর গাড়ি আটকে দেয়। এরপর গাড়ির দিকে ডিম ও পাথর ছোড়া হয়, লাঠি নিয়ে চড়াও হওয়া হয় এবং গাড়িতে ধাক্কা দিয়ে ভাঙচুরের চেষ্টা চলে বলে দাবি সাংসদের।
সামাজিক মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একাধিক পোস্ট এবং ভিডিও বার্তায় মহুয়া মৈত্র অভিযোগ করেন যে, কর্মসূচির বিষয়ে তিন-চার দিন আগেই পুলিশকে জানানো হয়েছিল এবং আগাম আশঙ্কার কথাও প্রশাসনকে জানানো ছিল। তাঁর দাবি, প্রায় ৮০ থেকে ৯০ জন বিজেপি কর্মী-সমর্থক সেখানে জড়ো হয়ে তাঁর ওপর হামলার ছক কষেছিল।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সাংসদ লেখেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁর নিরাপত্তার দায়িত্ব পুলিশের ওপর বর্তায়, কিন্তু সেই ব্যবস্থা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের সরানোর বদলে পুলিশ কার্যত হাত গুটিয়ে দাঁড়িয়ে ছিল। তাঁর আরও অভিযোগ, পরিস্থিতি সামাল না দিয়ে উল্টে পুলিশ তাঁকে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছিল। বিষয়টি নিয়ে তিনি পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশের ডিজি, কৃষ্ণনগর পুলিশ জেলা এবং শীর্ষ বিচারব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, এর আগেও নদিয়ার কালীগঞ্জ ও তেহট্ট-সহ জেলার বিভিন্ন এলাকায় সাংসদের কর্মসূচিতে ডিম ছোড়া ও বিক্ষোভের একাধিক ঘটনা সামনে এসেছে, যার পেছনেও বারবার বিজেপি কর্মীদের মদতের অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র। তবে বৃহস্পতিবারের এই অভিযোগ ঘিরে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব বা পুলিশ প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি; ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও স্বাধীন যাচাইয়ের অপেক্ষা রয়েছে।

Be the first to comment