কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনে বর্ণাঢ্য শোভাযাত্রা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর ডুপ্লিকেট

Spread the love

রমিত সরকার, নদীয়া :

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকের বাদ্যি আর প্রতিমা নিরঞ্জনকে ঘিরে উন্মাদনা। তবে প্রতিমা বিসর্জনের আগে এই শহরের আরও এক বিশেষ আকর্ষণ হল মঙ্গলঘট বিসর্জন। দীর্ঘদিনের এই প্রথা শুধু ধর্মীয় আচার নয়, কৃষ্ণনগরবাসীর কাছে আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বৃহস্পতিবার দশমীর সকালে সেই ঘট বিসর্জনকে কেন্দ্র করেই উৎসবের আবহে মেতে উঠল গোটা শহর।

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান যদি ফাইনাল হয়, তাহলে ঘট বিসর্জন নিঃসন্দেহে তার সেমিফাইনাল। দশমীর সকাল থেকেই বিভিন্ন বারোয়ারির মঙ্গলঘট নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকের বাদ্যি, নানা ধরনের বাজনা, সুসজ্জিত ট্যাবলো এবং অভিনব শিল্পকর্মের মাধ্যমে নিজেদের মঙ্গলঘটকে তুলে ধরেন পুজো উদ্যোক্তারা। সকাল থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শেষ হতে অনেক সময় গড়িয়ে যায় বিকেল পর্যন্ত।

এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হল বিভিন্ন বারোয়ারির ট্যাবলো। সমকালীন সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক নানা বিষয় শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলেন উদ্যোক্তারা। স্থানীয় ঘটনা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ বিষয়—সবই জায়গা করে নেয় ট্যাবলোর উপস্থাপনায়। অনেক সময় শোভাযাত্রার আগে নিজেদের বিশেষ চমক গোপন রাখেন পুজো উদ্যোক্তারা। ফলে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় বাড়তি কৌতূহল ও উত্তেজনা।

এবারের ঘট বিসর্জনের শোভাযাত্রায় বিশেষ নজর কাড়ল হাতারপাড়া বারোয়ারি। কৃষ্ণনগরের অন্যতম বড় ও জাঁকজমকপূর্ণ ঘট বিসর্জনের আয়োজন করে থাকে এই বারোয়ারি। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদলে তৈরি ডুপ্লিকেট। পাশাপাশি ওঘরি নৃত্য, সার্কাস, একটুকরো ইসকনের পরিবেশনা এবং পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌনাচ দর্শকদের বাড়তি আনন্দ জোগায়। সব মিলিয়ে হাতারপাড়া বারোয়ারির শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমান অসংখ্য মানুষ। এই শোভাযাত্রার অপেক্ষাতেই কার্যত অধীর আগ্রহে থাকেন শহরবাসী ও দর্শনার্থীরা।

ঘট বিসর্জনের পাশাপাশি কৃষ্ণনগরের এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি প্রাচীন রীতি। শোভাযাত্রার সঙ্গে বেয়ারারা কাঁধে করে দেবীকে নিয়ে যান রাজবাড়িতে। সেখান থেকে নির্দিষ্ট পথ ধরে জলঙ্গি নদীতে প্রতিমা নিরঞ্জনের পর্ব সম্পন্ন হয়। তার আগে বিভিন্ন বারোয়ারির মঙ্গলঘটও শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় নদীর ঘাটে এবং নির্দিষ্ট রীতি মেনে বিসর্জন দেওয়া হয়। বাংলার অন্যান্য প্রান্তে এমন স্বতন্ত্র প্রথা খুব একটা দেখা যায় না। আর সেই কারণেই কৃষ্ণনগরের ঘট বিসর্জন আজও নিজস্ব ঐতিহ্য ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল।

অন্যদিকে, এবছর নির্ধারিত সময়ের মধ্যে ঘট বিসর্জনের পর্ব সম্পন্ন করাও পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। পুজো সংক্রান্ত সমন্বয় সভায় আগেভাগেই বিসর্জন পর্ব শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। সেই নির্দেশ মেনেই প্রস্তুতি নিয়েছিল বিভিন্ন পুজো কমিটি। শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে গোটা শহরজুড়ে রাখা হয়েছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।

যদিও বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ে। তবে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও দর্শনার্থীদের উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মেলবন্ধনে আরও একবার স্বমহিমায় ধরা দিল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অনন্য ঘট বিসর্জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*