Helpless father story : নেশাগ্রস্ত ছেলের প্রাণহানির আশঙ্কা! ভ্যানে দড়ি ও টিউব দিয়ে বেঁধে ছেলেকে থানায় নিয়ে হাজির অসহায় বাবা

Spread the love

প্রশান্ত মাল দুর্গাপুর:- ছেলের অস্বাভাবিক আচরণ, যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় অঘটন! ছেলের প্রাণহানির আশঙ্কায় শেষ পর্যন্ত নিজের ২১-২২ বছরের ছেলেকে ভ্যানের সঙ্গে দড়ি ও টিউব দিয়ে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে হাজির হলেন অসহায় বাবা (Helpless father story)। জানা গিয়েছে, দুর্গাপুরের পাওয়ার হাউস বস্তির বাসিন্দা ভ্যানচালক সুনীল সাহের ছেলে কানহাইয়া সাহ গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কী ধরনের নেশা তিনি করেছেন, তা পরিবারের সদস্যদের কারও জানা নেই বলে দাবি বাবার। ছেলের এমন আচরণে আতঙ্কিত হয়ে তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু অভিযোগ, সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। অন্যদিকে, আর্থিক সামর্থ্য না থাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোও সম্ভব হচ্ছে না পরিবারের পক্ষে।
এদিকে ছেলের অস্বাভাবিক আচরণে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা কিংবা আত্মহানির আশঙ্কা করছেন বাবা সুনীল সাহ। শেষ পর্যন্ত কোনও উপায় না পেয়ে ছেলেকে ভ্যানের সঙ্গে দড়ি ও টিউব দিয়ে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে হাজির হন তিনি।
বাবার আবেদন, ছেলের চিকিৎসার ব্যবস্থা করা হোক। তাঁর আশঙ্কা, ছেলের কোনও অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের উপর না যায়। অসহায় বাবার এই পদক্ষেপ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে নেশায় আসক্ত যুবকের চিকিৎসা ও পরিবারের অসহায় পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*