পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে কিছুটা দূর যেতেই বন্ধ হলো গাড়ি, পরীক্ষা করতেই দেখাগেলো পেট্রোলের নামে জল কিনেছেন গ্রাহকরা, উত্তেজনা পাম্পে…

Spread the love

রোজদিন ডেস্ক :

১২ লিটার পেট্রোল কিনে গাড়িতে ভরতেই বিপত্তি পেট্রোলের বদলে গাড়ির ট্যাঙ্কে জল ঢুকেছে বলে অভিযোগ গ্রাহকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া পেট্রোল পাম্প এলাকায়।
আজ সকালে বাহানা এলাকার এক বাসিন্দা সীতাপুর জোড়া পেট্রোল পাম্প থেকে ১২ লিটার পেট্রোল কেনেন। কিন্তু পাম্প থেকে মাত্র ৫০ মিটার এগোতেই আচমকা বন্ধ হয়ে যায় তাঁর গাড়ি। বারবার চেষ্টা করেও গাড়ি চালু করতে না পারায় তিনি সামনের একটি গ্যারেজে নিয়ে যান গাড়িটি। সেখানে পরীক্ষা করার পর মিস্ত্রি জানান, গাড়ির তেলের মধ্যে জল মিশে রয়েছে।এরপর ওই গ্রাহক গাড়ি থেকে সম্পূর্ণ তেল বের করে একটি সাদা পাত্রে ঢালতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। তাঁর অভিযোগ, পেট্রোলের পরিবর্তে পাত্রে বেরিয়ে এসেছে জল। এরপর সেই জল মেশানো তেল নিয়ে তিনি ফের পেট্রোল পাম্পে পৌঁছন।
সেখানেই সামনে আসে আরও অভিযোগ। জানা যায়, একই সমস্যার শিকার হয়েছেন অনেক গ্রাহক। কেউ বোতলে, আবার কেউ ড্রামে করে পাম্প থেকে নেওয়া তেল নিয়ে হাজির হন।
ঘটনাকে কেন্দ্র করে পাম্প চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, এই ঘটনার জেরে তাঁদের গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়েছে। কেউ অফিসে যেতে পারেননি, আবার কারও জরুরি কাজ বাতিল করতে হয়েছে। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাঁদের।অন্যদিকে, প্রথমে পাম্প কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, পেট্রোলে হয়তো ইথানল মেশানোর কারণে এমন সমস্যা হয়েছে। পরবর্তীতে গ্রাহকের চাপে পাম্প কর্তৃপক্ষ তেলে জল থাকার বিষয়টি স্বীকার করেন এবং জানান, পরীক্ষা না করেই ওই জ্বালানি সরবরাহ করা হয়েছিল।পাম্পের তেলের গুণমান পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার সঠিক কারণ জানতে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। আপাতত তেল দেওয়া বন্ধ রয়েছে ওই পাম্পে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*