ভয়াবহ তাপ্রবাহ হতে চলেছে কলকাতায়। তীব্র গরমে নাজেহাল হবেন শহরবাসী। সূর্যের প্রখর তাপে কার্যত পুড়ে খাক হয়ে যাবে কলকাতা। এমন আভাসই দিচ্ছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট। সেখানেই বলা হয়েছে, পৃথিবীর তাপমাত্রা প্রায় ১.৫ ডিগ্রি বেড়ে গিয়েছে। যার ফলে তীব্র গরমের সম্মুখীন হতে চলেছে ভারত। মুম্বই এবং কলকাতা এই দুই শহর রয়েছে সবচেয়ে ভয়ানক অবস্থায়। রাষ্ট্রপুঞ্জের ইন্টার গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট। সেখানে বলা হয়েছে আগামী দশ বছরের মধ্যেই ভয়ানক তাপপ্রবাহ বইবে ভারতে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় দুশ্চিন্তায় পড়েছেন বিশ্বের তাবড় বিজ্ঞানী মহল।
এর আগে ২০১৫ সালের ভয়াবহ তাপপ্রবাহে ভারতে মৃত্যু হয়েছিল ২৫০০ জনের। রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট বলছে ২০৩০ সালের তাপপ্রবাহের প্রভাব হবে আরও মারাত্মক। শুধু তাপপ্রবাহই নয়, কম বৃষ্টির কারণে নষ্ট হবে বিপুল পরিমাণ খাদ্যশস্য। অনাহার এবং অপুষ্টি থাবা বসাবে দেশে। পৃথিবী জুড়ে খাদ্য সংকট দেখা দেবে। বিজ্ঞানীরা বলছেন, ২০১৯ থেকেই ধীরে ধীরে বাড়বে গরমের প্রভাব। আর আগামী দশ বছরে পরিস্থিতি হবে ভয়ঙ্কর।

Be the first to comment