ফের ভারতের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে

Spread the love
ফের ভারতের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। জানা গেছে, ২৭ সেপ্টেম্বর দুটি চিনা হেলিকপ্টার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ( আইটিবিপি ) জানিয়েছে, লাদাখের উপর ১০ মিনিট চক্কর কেটেছে হেলিকপ্টার দুটি। তারপর তা আবার ফেরত চলে যায়।
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের তরফে জনানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর লাদাখের ট্রিগ পর্বতচূড়া এলাকায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে দুটি চিনা হেলিকপ্টার ভারতের সীমায় প্রবেশ করে। আইটিবিপি’র রিপোর্টে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর সকাল ৭ টা নাগাদ লাদাখের বাস ও ট্রাক জংশন এলাকায় হেলিকপ্টার দুটিকে দেখা যায়। প্রাথমিক ভাবে হেলিকপ্টার দুটিকে এমআই-১৭ বলে মনে করা হচ্ছে।
আইটিবিপি’র তরফে জানানো হয়েছে, ট্রিগ চূড়া ও ডেপসাং অঞ্চলের এই জায়গাগুলি সীমান্ত লাগোয়া খুব গুরুত্বপূর্ণ এলাকা। চিনের নজর অনেকদিন ধরে এই এলাকার উপর আছে। এর আগেও তারা অনেকবার এই অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
কয়েকদিন আগে, অরুণাচল প্রদেশের দিবং উপত্যকা দিয়ে চিনা সেনা ভারতে প্রবেশ করে বলে সেনা সূত্রে খবর। যদিও সেনার একাংশের তরফে দাবি করা হয়েছে লাইন অফ কন্ট্রোল বুঝতে না পেরে ভুল করেই চিনা সেনা ঢুকে পড়েছিল ভারতে। ভুল বুঝতে পেরে তাঁরা আবার ফিরে যান।  তবে এই অঞ্চলের বাসিন্দারা দাবি করেছেন, মাঝেমধ্যেই ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালায় চিনা সেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*