ফের কাশ্মীরে জঙ্গি হানা। এ বার বাদগাম জেলায় জঙ্গি হামলায় গুরুতর জখম হলেন স্পেশাল পুলিশ অফিসার মহম্মদ হাফিজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শ্রীনগরের হাসপাতালে।
শনিবার বেশি রাতে নিরাপত্তাবাহিনী গোপন সূত্রে খবর পায়, বাদগামের একটি গ্রামে ঘাঁটি গেড়েছে জনা ছয়েক জঙ্গি। ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী এবং রাজ্য পুলিশের বিশেষ দল। জওয়ান ও পুলিশের উপস্থিতি টের পেয়েই তাঁদের উপর গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা।
এমনিতেই উপত্যকার প্রশাসনের ঘুম ছুটেছে। শনিবার সকালে নওগাঁতে পাওয়ার গ্রিড পাহারা দেওয়ার সময় জঙ্গিদের গুলিতে নিহত হন রাজেন্দ্র প্রসাদ নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। কিন্তু সেই গুলি অত্যাধুনিক স্নাইপার রাইফেলের। জঙ্গিদের হাতে স্নাইফার রাইফেল রয়েছে, এই খবরে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। জম্মু ও কাশ্মীরের আইজি পি পাণি স্নাইপার হামলা রুখতে কী করতে হবে সেই সংক্রান্ত একটি গাইডলাইন পাঠিয়েছেন সমস্ত পুলিশ কর্তাদের।

Be the first to comment