জোট সঙ্গির কাছ থেকেই এ বার বিরোধিতার সম্মুখীন হতে হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ও মন্ত্রী ওম প্রকাশ রাজভর।
শনিবার এক সভায় ওম প্রকাশ বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই যোগী আদিত্যনাথের সরকার বারবার অযোধ্যায় রাম মন্দির বিতর্ককে হাতিয়ার করে সামনে নিয়ে আসে। এ দিন সরকারের সমালোচনা করে ওম প্রকাশ বলেন, ” আমি ক্ষমতার স্বাদ নিতে এখানে আসিনি। আমি এসেছি মানুষের সেবা করার জন্য। গরিবদের হয়ে লড়াই করার জন্য। তাই বিজেপি’র চাকর হয়ে আমি থাকব না। ওরা আমাদের একটা পার্টি অফিস খোলারও অনুমতি দেয়নি।”
ধর্মীয় বিষয়কে অজুহাত করার জন্যও তিনি বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলেন। তাঁর বক্তব্য, ” আমি বিজেপি’র মনোভাব বুঝতে পারি না। যখনই আমি গরিবদের উন্নতির জন্য কথা বলতে যাই, তখনই ওরা মন্দির-মসজিদ, হিন্দু-মুসলিম নিয়ে কথা শুরু করে।” গরিবদের উন্নতির জন্য কাজ না করলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন।
অবশ্য এই প্রথম যে ওম প্রকাশ বিজেপি’র বিরুদ্ধে মুখ খুললেন তা নয়। গত সপ্তাহে তিনি যোগী আদিত্যনাথকে সাবধান করেছিলেন, যদি পিছিয়ে পড়া শ্রেণির উন্নতির জন্য কাজ না করা হয়, তাহলে ২০১৯ সালে মানুষের বিরোধিতার সম্মুখীন হতে হবে বিজেপিকে। কয়েকদিন আগেও তিনি অভিযোগ করেন, কী যুক্তিতে সমাজবাদী পার্টির নেতা শিবলাল যাদবের জন্য বাংলো দেওয়া হয়েছে, যেখানে তিনি এক বছর ধরে একটা বাংলোর আবেদন করেছেন।
গত বিধানসভা নির্বাচনের পর অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী ওম প্রকাশ রাজভর নিজের বেশ কিছু বিধায়কদের সঙ্গে যোগী আদিত্যনাথের সরকারকে সমর্থন করেছিলেন। কিন্তু গত কয়েক মাসে তাঁর দলের সঙ্গে বিজেপি’র দূরত্ব অনেক বেড়েছে। তিনি দাবি করেছেন, রাজ্যে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও কংগ্রেস হাত মেলালে পরের বার বিজেপি’র পক্ষে উত্তরপ্রদেশের ক্ষমতায় আসা অসম্ভব।

Be the first to comment