এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, ধুপগুড়ির সভা থেকে বিজেপিকে জব্দ করার ডাক অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : এটা তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে জব্দ করার ভোট’। বৃহস্পতিবার ধূপগুড়ির ফণীর মাঠে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা থেকে মোদি সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে জব্দ করার ভোট। মঞ্চে ছিলেন জলপাইগুড়ি জেলার ছ’টি কেন্দ্রের প্রার্থী। বাবার মৃত্যুর পর সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনও। কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, এই নির্বাচন বিজেপিকে জবাব দেওয়ার ভোট। নোটবন্দি, কোভিডের লকডাউন, এসআইআর থেকে এখন জ্বালানি, মর্জি মতো মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে বিজেপি সরকার। ২৩ তারিখ শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে সেই দলকে জবাব দিন যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। বাড়ি, রাস্তা, জল, ১০০ দিনের কাজের টাকা সব বন্ধ করে দিয়েছে। আপনার কাছে ভোট চাইতে এলে বিজেপিকে প্রশ্ন করুন, কোন সাহসে ভোট চাইছেন? আমাদের সরকার যুবসাথীতে মাসে ১,৫০০ দেয়, যা বছরে ১৮,০০০ আর পাঁচ বছরে ৯০,০০০ টাকা হয়। মোদি ৯ টাকা দিক। ১২ বছরে কারও পকেটে ৯ পয়সা পর্যন্ত ঢোকেনি।আচ্ছে দিনের নামে শুধু ভাষণ হয়েছিল, তারপর টাটা বাই-বাই। আমি প্রচারে নয়, কথা দিতে এসেছি। আমরা কথা দিলে কথা রাখি। আপনাদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকেছে? এই বিধানসভার কোনও মানুষ কেন্দ্রের চাকরি পেয়েছেন? টাকা ঢোকেনি, মেলেনি চাকরিও। বাংলার সব মানুষের টাকা বন্ধ রেখে কী করে ভোট চাইতে আসে বিজেপি? যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার হয়েছে, সেটা মনে রেখে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ইভিএমের বোতাম টিপে দিল্লির জমিদারদের গদি চূর্ণবিচূর্ণ করবেন। বিজেপিকে রিপোর্ট কার্ড নিয়ে মাঠে নামার চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, ১০-০ গোলে মাঠের বাইরে পাঠিয়ে দেব। শুধুমাত্র ধুপগুড়িতে ৮৫ হাজার ৫০০জন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। ২ লক্ষ ৭৭ হাজার ৭৩ জন স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছে। ২ লক্ষ ৬৭ হাজার ৯৩৩ জন খাদ্যসাথীতে রেশনের সুবিধা পাচ্ছেন। শেষ ২ বছরে বাংলার আবাস যোজনায় ৭ হাজার ৭১৩ জন মাথার ছাদ পাকা হয়েছে। আগামীদিনে তৃণমূল ক্ষমতায় এলে সবাই পাকা বাড়ি পাবেন। ১০ বছর আগে রান্নার গ্যাস ছিল ৪০০ টাকা। এখন দাম বেড়ে হয়েছে ১০০০। কেন্দ্র ধুপগুড়ির জন্য কিছু করেনি। এরা ধর্মকে হাতিয়ার করে কাজ করে। ১২ বছরে বিজেপি সরকার কী করেছে? আগামী ২৩ এপ্রিল লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ এর জবাব দেবেন।


এদিন ইস্তাহারে বলা প্রতিজ্ঞার কথা তুলে ধরেন অভিষেক। বলেন, আগামী ৫ বছরে সকল দরিদ্রদের মাথার ওপর ছাদ পাকা করার ব্যবস্থা করা হবে। যাঁরা আবেদন করেছেন, তাঁদের জন্য ব্যবস্থা করা হবে। প্রতি বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া হবে। দুয়ারে স্বাস্থ্যের ব্যবস্থা করা হবে। ধূপগুড়ির সভার পাশাপাশি এদিন কালচিনিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি রোড শো-ও করেন তিনি। সেখানে ছিল উপচে পড়া মানুষের ভিড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*