ABHISHEK BANERJEE: ভরসা শুধুই “হাউস গার্ড”, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের পরই তাঁর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। এই অবস্থায় পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এখন তাঁর নিরাপত্তার জন্য কোনও বিশেষ বাহিনী নেই। কেবল কয়েকজন হাউস গার্ড রয়েছে। তাদের নিরাপত্তাতেই কার্যত তাঁকে থাকতে হচ্ছে। এদিন আদালতে অভিষেকের আইনজীবী বলেন, নিরাপত্তা কমিয়ে দেওয়ার পর একাধিকবার হামলার মুখেও পড়তে হয়েছে অভিষেককে। ফলে বিষয়টি হালকাভাবে নেওয়া যাচ্ছে না। তাঁর আইনজীবী আরও বলেন, তিনি রাজ্যের প্রধান বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পর বর্তমানে মাত্র কয়েকজন ‘হাউস গার্ড’-এর উপরই নিরাপত্তার দায়িত্ব রয়েছে। বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় নিরাপত্তা চাওয়া হয়। মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী ৬ অক্টোবর মামলার শুনানি। অভিষেকের আবেদনে আরও দাবি করা হয়েছে, রাজ্যে নতুন সরকার আসার পর ধাপে ধাপে তাঁর নিরাপত্তা কমানো হয়েছে। মে মাসে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাগুলিও প্রত্যাহার করা হয় বলে অভিযোগ। জেড প্লাস নিরাপত্তা সরিয়ে নিয়ে পরবর্তীতে একজন সাংসদ হিসেবে কেন্দ্রীয় নিয়মে যে নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই বহাল রাখা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। এরপর সাম্প্রতিক সময়ে অভিষেকের বাড়ির সামনে থাকা পুলিশ কিয়স্কও সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি জরুরি বলে উল্লেখ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন অভিষেকের আইনজীবী। এখন মূল প্রশ্ন, অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*