সিআইডি নোটিশ চ্যালেঞ্জ করা মামলায় হাইকোর্টে ধাক্কা অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক: সই জালিয়াতি কাণ্ডে সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের এজলাসে, দুবার জরুরি শুনানির আবেদন জানানো হলেও এই আবেদন খারিজ হয়ে যায়। প্রথমবার আদালতের প্রথমার্ধে মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে আদালতের দ্বিতীয়ার্ধে আবেদন জানানো হয়। তার প্রেক্ষিতে আগামী ১০ জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেয় আদালত। ফলে আপাতত অস্বস্তি কাটল না তৃণমূল সাংসদের। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূলনেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। সেদিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয়, তা দেয়নি তৃণমূল। এরপর ১৩ ও ১৪ মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথগ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে ১৯ মে ফের কালীঘাটের বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওইদিন কেউ ছিলেন, কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় ক’জন গরহাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি চিঠি জমা দেওয়া হয়। তৃণমূলের তরফে জানানো হয়, ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। আর এখানে থেকেই গোলমাল শুরু। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় থানায় এফআইআর হয়। এই সই জাল কাণ্ডেই আপাতত বিপাকে পড়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*