রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের বাংলার এক বাসিন্দাকে এনআরসির নোটিস পাঠাল অসম সরকার। আর সেই বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিরূপ আচরণ শুরু করেছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা ‘বাংলাদেশি’ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর আগে কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী অসম সরকারের থেকে এনআরসির নোটিস পেয়েছিলেন। এবার আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল একই নোটিস পেলেন বলে জানা যায়। এই ঘটনা নিয়ে প্রতিবাদে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীকেও এদিন একহাত নিয়েছেন তিনি।
আজ, মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিজেপি সরকার বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিদ্বেষমূলক নীতি নিয়েছে। বাংলাদেশি হিসেবে দাগিয়ে বাংলায় এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠানো নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বারবার বাংলার মানুষকে বিব্রত করা হবে? বাংলার বিষয়ে কেন অসম সরকার নাম গলাবে? এদিন সেই প্রশ্ন তুলেছেন মমতা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতিও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। অসমে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছিল। বহু মানুষকে সেই রাজ্যে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার অভিযোগও উঠেছিল। সেই রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বলে অভিযোগ। নিজের রাজ্যের দিকে নজর দিক অসমের মুখ্যমন্ত্রী। এই সেই খোঁচা দিয়েছেন মমতা।
ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের নামে অসমের ফরেনার্স ট্রাইবুনালের নোটিস ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই নোটিস সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এই বিষয়ে আতঙ্কগ্রস্ত ওই পরিবার। অঞ্জলি শীল সংবাদ মাধ্যমকে বলেন, “বাবারবাড়ি অসমে হলেও আমরা বর্তমানে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছি। আমরা দুশ্চিন্তাগ্রস্ত।” ওই নোটিসের নিচের দিকে ফালাকাটা থানার উল্লেখ রয়েছে। এই ঘটনায় এবার আলিপুরদুয়ারেও চাঞ্চল্য ছড়িয়েছে। ১৯ আগস্ট অসমের কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইবুনালে উপস্থিত হতে বলা হয়েছে। নোটিসের উপরে কোচবিহার এসপি অফিসের সিল রয়েছে। জেলা গরমিলের কারণে এই নোটিস আলিপুরদুয়ারের বদলে কোচবিহার এসপি অফিসে আসতে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন মহল।
এরপরই, এই ঘটনা নিয়ে প্রবল ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমীয়া ভাষায় ওই নোটিস লেখা হয়েছে। কেন বিজেপিশাসিত অসম রাজ্য থেকে এভাবে বারবার চিঠি আসবে? কেন বাঙালিদের নিশানা করা হচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন মমতা। কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে অসম সরকারের থেকে কোচবিহারের উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিস পাঠানো হয়েছিল। গতকাল, সোমবার ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ দিবদের মঞ্চে উত্তমকুমার ব্রজবাসীকে দেখা যায়।

Be the first to comment