রোজদিন ডেস্ক : বিএলওদের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও কমিশনকে তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে রাজ্যকেও সাহায্য করতে বলা যেতে পারে এমনই চর্চার মধ্যে উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জমা পড়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটে। জানা গিয়েছে খড়দহের ৪৩ নম্বর পার্টের বিএলও মানব চন্দ্রের বাড়িতে মঙ্গলবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। জানালায় ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে পালায় দুষ্কৃতীরা। এই নিয়ে মানব চন্দ্র বলেন, কারা এই হামলা চালিয়েছে, বলতে পারব না। তবে বাড়িতে বয়স্ক বাবা-মা আছেন। আমরা তিনজন থাকি। এই ঘটনায় আতঙ্কে রয়েছি। বিএলও-র কাজের জন্যই যে তাঁর বাড়িতে হামলা হয়েছে, সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যদি কারও নাম বাদ যায়, তাহলে তাঁরা কী করবেন? তাঁদের উপর অযথা আক্রমণ কেন হচ্ছে? খড়দহ থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ব্যারাকপুরের এসডিও ও জেলাশাসককে বিষয়টি জানিয়েছেন আতঙ্কিত বিএলও। ঘটনায় সরব হয়েছেন অন্য বিএলওরা। প্রশাসন নিরাপত্তা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারিও দেন তাঁরা। বারাকপুরের মহকুমাশাসক জানান, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment