রোজদিন ডেস্ক : দুর্ঘটনার কবলে সন্দেশখালির শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। বুধবার সকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু গাড়িতে থাকা ভোলানাথ ঘোষের ছেলে এবং গাড়িচালকের। গুরুতর জখম অবস্থায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি ভোলানাথ ঘোষ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থাও সঙ্কটজনক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাজাট থানার পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর পলাতক অভিযুক্ত ট্রাক চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বিরোধীরা বারেবারে অভিযোগ করছিল জেল থেকেই সন্দেশখালিতে রাজত্ব চালাচ্ছেন শেখ শাহজাহান। এই অভিযোগের মধ্যেই এল এই দুর্ঘটনার খবর। শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী এই ভোলা ঘোষ। তাই এটি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিজেপি বলতে শুরু করেছে ইচ্ছাকৃতভাবে এটা ঘটানো হয়েছে। বুধবার আদালতে ছিল শেখ শাহজাহানের একটি মামলা। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলা ঘোষ। এদিন আদালতে যাচ্ছিলেন সেই মামলারই সাক্ষী দিতে। সেই সময়ই ন্যাজোটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়িচালক শাহানুরের। কিন্তু বেঁচে যান ভোলা ঘোষ। এখন ট্রাকচালককে পেলে গোটা বিষয়টি স্পষ্ট হবে। তার খোঁজে তল্লাশি চলছে।

Be the first to comment