বারাসাত মেডিকেল কলেজের মর্গে চোখ চুরির অভিযোগ, মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক ;
উত্তর ২৪ পরগনার বারাসত মেডিকেল কলেজের মর্গে মৃত যুবকের চোখ তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ তুমুল বিক্ষোভে উত্তাল হল বারাসত। বনগাঁ থেকে ফেরার পথে এই অবরোধ, বিক্ষোভে আটকে যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়ি।
সূত্রের খবর, বারাসতের নেতাজি নগরের বাসিন্দা এক যুবক গতকাল পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারান। বারাসাত মেডিকেল কলেজের মর্গে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য রাখা ছিল। আজ ময়না তদন্তের পর তাঁর পরিবার দেখেন, তাঁর চোখ তুলে নেওয়া হয়েছে। এতে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মেডিকেল কলেজের সামনে তাঁদের বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রীর কনভয় সেখানে চলে আসে৷ বিক্ষোভ উত্তেজনার আঁচ পেয়ে মুখ্যমন্ত্রী কনভয় দাঁড় করিয়ে মৃত যূবকের পরিবারের সঙ্গে কথা বলেন। কি ভাবে মৃত যুবকের চোখ তুলে নেওয়া হল? এই বিষয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। খতিয়ে দেখতে বলেন সিসিটিভি। মৃত যুবকের মা কে প্রথমে মাসে ১০ হাজার টাকা বেতনের কাজ দেওয়ার কথাও বলেন। পরে তাঁকে স্থায়ী কাজ দেওয়ারও আশ্বাস দেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে ১০/১৫ মিনিট তাঁদের সঙ্গে কথা বলা, সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়ায় বিক্ষোভকারীদের সুর নরম হয়। তাঁরা অবরোধ, বিক্ষোভও তুলে নেন।
তবে কিভাবে মৃত যুবকের চোখ তুলে নেওয়া হল, তা নিয়ে গুঞ্জন উঠেছে। যুবকের পরিবার এর বিশদ, স্বচ্ছ তদন্তের দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*