রোজদিন ডেস্ক : ঠিক ছিল হেলিকপ্টারে যাবেন। সেই মত সোমবার ট্রায়াল রানও হয়। কিন্তু মঙ্গলবার রওয়ানা হওয়ার আগে একেবারে শেষ মুহূর্তে জানান হয় কপ্টার পাওয়া যাবে না। ফলে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সড়ক পথেই বনগাঁ যেতে হয়। এবার হেলিকপ্টার সংক্রান্ত এই গাফিলতিতে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কপ্টারের বিমার মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তা উড়ানের উপযোগী হিসেবে প্রস্তুত না রাখায় দায়ী সংস্থাকে এদিনই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রীর বনগাঁয় পৌঁছতে হেলিকপ্টার ব্যবহার করার কথা থাকলেও বিমা সংক্রান্ত গাফিলতির কারণে তা সম্ভব হয়নি। ফলে মুখ্যমন্ত্রীকে সড়ক পথে যেতে হয়। এ ধরনের পরিস্থিতিতে বিকল্প কপ্টার সরবরাহ করার কথা চুক্তিতে থাকলেও সংস্থাটি তা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা সত্ত্বেও সংস্থার এই অবহেলা মানা যাচ্ছে না। দ্রুত তাদের থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সরকারের শীর্ষস্তরের একাংশের বক্তব্য, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে এমন গাফিলতি অত্যন্ত গুরুতর অপরাধ। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment