রোজদিন ডেস্ক :
বাংলাদেশি তকমা দিয়ে ওই দেশে পাঠানো সোনালি বিবি সহ ছয় জনকে অবিলম্বে ভারতে ফেরানোর নির্দেশ দিলো দেশের শীর্ষ আদালত। যা নিয়ে রীতিমত বেকায়দায় কেন্দ্রীয় সরকার। এর আগে কলকাতা উচ্চ আদালতের দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এই বিষয়ে যে নির্দেশ দিয়েছিলেন, আজ সেই রায় বহাল রাখলো শীর্ষ আদালতও।
উল্লেখ্য, অন্তঃসত্বা সোনালি বিবি-সহ হতদরিদ্র এই পরিবারগুলিকে দিল্লি পুলিশ কয়েক মাস আগে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতারাতি বাংলাদেশি তকমা দিয়ে ওই দেশে পাঠিয়ে দেয়।
রুজির তাগিদে দিল্লি যাওয়া কন্যা ও তাঁর পরিবারের কোন খোঁজ না পেয়ে সোনালির উদবিগ্ন বাবা আদালতের দ্বারস্থ হন। আদালত সব নথি খতিয়ে দেখে অবিলম্বে তাঁদের ভারতে পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু কেন্দ্র তা না মেনে শীর্ষ আদালতে যায়। রাজ্য সরকার এই নিয়ে সোনালি বিবির পরিবারের পাশে থেকে ফের উচ্চ আদালতে গেছে। আগামী ২৮ নভেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা।
অন্যদিকে আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে কেন্দ্রর দায়ের করা মামলাটি ওঠে। তাঁরাও অবিলম্বে সোনালি বিবি-সহ ছয় জনকে ভারতে ফেরানোর নির্দেশ দেন।
কেন্দ্রর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আগামী কাল অবধি এই মামলার শুনানি মূলতুবি রাখার আর্জি জানান। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দেন।
এই নির্দেশে খুশি রাজ্যের শাসক দল, সোনালি ও সুইটি বিবির পরিবারও।
শাসক দলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সমাজ মাধ্যমে শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, সোনালি বিবিদের বাংলাদেশে পাঠানোর মামলায় বাংলা বিরোধী বিজেপি বড় ধাক্কা খেয়েছে। আজ শীর্ষ আদালতে কেন্দ্র গুরুতর প্রশ্নের সম্মুখীন হয়েছে।
উল্লেখ্য, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে গতকালই সুর্য কান্ত দায়িত্ব নিয়েছেন।

Be the first to comment