স্বরূপগঞ্জ নবদ্বীপঘাট স্টেশনে রেলের চুড়ান্ত সিদ্ধান্ত, সাত দিনের নোটিসে আতঙ্কে বহু পরিবার

Spread the love

নদিয়া: স্বরূপগঞ্জ নবদ্বীপঘাট স্টেশন সংলগ্ন রেলজমি নিয়ে বড়সড় পদক্ষেপ নিল পূর্ব রেল। বহু বছর ধরে ওই এলাকায় যাঁরা বেআইনিভাবে বসবাস করছিলেন, সেই সব পরিবারকে মাত্র সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। হঠাৎ করে রেলের নোটিশ হাতে পৌঁছে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশন লাগোয়া রেলওয়ে জমিতে দীর্ঘদিন ধরে একাধিক পরিবার ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছিল। রেল কর্তৃপক্ষ আগে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করলেও এবার সরাসরি উচ্ছেদের প্রক্রিয়ায় নামল। রেলের তরফে জারি করা নোটিশে স্পষ্ট জানানো হয়েছে—সাত দিনের মধ্যে জায়গা খালি না করলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হবে।

নোটিশ হাতে পেয়ে আতঙ্কে রয়েছে পরিবারগুলি। কেউ কেউ বলছেন, বহু বছর ধরে এখানে তাঁরা বসবাস করছেন, হঠাৎ করে কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না। অনেকেরই অভিযোগ, হঠাৎ সাত দিনের নোটিশ মানবিক নয়। শিশুসহ অসংখ্য পরিবার এখন উদ্বেগে দিন কাটাচ্ছে।

রেলসূত্রে অবশ্য দাবি, সরকারি জমি দখলমুক্ত করা ছাড়া তাদের হাতে আর কোনও উপায় নেই। স্টেশন এলাকার নিরাপত্তা, রেললাইনের সুরক্ষা এবং ভবিষ্যতের প্রসার পরিকল্পনার স্বার্থেই এই সিদ্ধান্ত।

এদিকে, এলাকার সাধারণ মানুষের একাংশ মনে করছেন, বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের সিদ্ধান্ত মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। প্রশাসন ও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন নজরে রাখছে স্টেশন চত্বরের মানুষজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*