বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের বার্তা নিয়ে পথসভা, রাজনৈতিক ফলাফলের ঊর্ধ্বে উন্নয়নের প্রতিশ্রুতি বিধায়কের

Spread the love

রমিত সরকার, শান্তিপুর, নদিয়া : বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও একাধিক বুথে দল পরাজিত হয়েছে বলে মন্তব্য করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বুধবার ফুলিয়ার মালিপোতা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এই কথা বলেন।

সূত্রের খবর, শান্তিপুর ব্লকের অন্তর্গত বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেলঘড়িয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে বয়রাঘাট হয়ে কালিতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজ সম্প্রতি শুরু হয়েছে। রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে।

গত কয়েকদিন আগে কাজ শুরু হওয়ার পর বুধবার ওই এলাকায় পথসভা করে সাধারণ মানুষকে এই উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন বিধায়ক। সভায় তিনি জানান, এই রাস্তা নির্মাণ হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গতি আসবে।

পথসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন,
“বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে থাকলেও ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালের বিভিন্ন নির্বাচনে এই অঞ্চলের একাধিক বুথে আমরা পরাজিত হয়েছি। কিন্তু রাজনৈতিক ফলাফল যাই হোক না কেন, সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নের কাজ কখনও থেমে থাকেনি, থামবেও না।”

তিনি আরও বলেন, মানুষের আস্থা এবং সহযোগিতাকে সঙ্গী করেই রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করে চলেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।

প্রসঙ্গত উল্লেখ্য, শান্তিপুর বিধানসভার অন্তর্গত বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৬টি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২টি আসনে জয়লাভ করে, বিজেপি জয় পায় ৩টি আসনে এবং কংগ্রেস জয়লাভ করে ১টি আসনে। নির্বাচনের পর কংগ্রেসের সেই একমাত্র সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে বর্তমানে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩টি এবং বিজেপির রয়েছে ৩টি আসন।

এদিনের পথসভায় বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা বাসন্তী সরকার, পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত সদস্য ও সদস্যারা।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতে ভোগান্তি হচ্ছিল। নতুন করে রাস্তা নির্মাণ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী।

সব মিলিয়ে, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েই বেলঘড়িয়ার পথসভা শেষ করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

ছবি : কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*