রোজদিন ডেস্ক : ইরান-আমেরিকা যুদ্ধের আবহে মে মাসের প্রথমদিনই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এক লাফে অনেকটা বাড়িয়ে দিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এক ধাক্কায় সিলিন্ডার পিছু ৯৯৩ টাকা করে বাড়ানো হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। তবে এখনও পর্যন্ত সাধারণ গৃহস্থের জন্য বড় স্বস্তির খবর, ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। ১ ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বৃদ্ধি হয়। মার্চের শুরুতে দাম বাড়ানো হয় ৩১ টাকা। গত মাসে যুদ্ধের আবহে বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এবার সেটা বাড়ানো হল ৯৯৩ টাকা। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, আজ ১ মে কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৩২০২ টাকা। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও উল্লেখযোগ্যভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে।

Be the first to comment