রোজদিন ডেস্ক : রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে কড়া নির্দেশ দিল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি হওয়া মুখ্যসচিবের বিজ্ঞপ্তিতে সরকারি কাজে ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয়, গণপরিবহণের ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত দফতর, জেলা প্রশাসন, বোর্ড, কর্পোরেশন, সরকারি সংস্থা এবং সরকারি অর্থপুষ্ট প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। ১৮ মে মুখ্যসচিবের দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কাজে সর্বাধিক ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল বৈঠক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ব্যবস্থাও চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় সফর কমানো, সরকারি কর্মীদের গণপরিবহণ, কারপুলিং এবং বৈদ্যুতিক যান ব্যবহারে উৎসাহ দিতে হবে। সরকারি দফতরগুলিতে বিদ্যুৎ সাশ্রয় এবং শক্তি সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেপারলেস অফিস, ই-অফিস ব্যবস্থাপনার উপরও জোর দেওয়া হয়েছে। ‘স্বদেশি’ উদ্যোগকে উৎসাহ দিতে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্য তেলের ব্যবহার, প্রাকৃতিক ও পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি গ্রহণ, বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহারের উপর জোর দিয়েছে সরকার। সমস্ত অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সচিব এবং জেলাশাসকদের এই নির্দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে নবান্নের তরফে।

Be the first to comment