রোজদিন ডেস্ক :
চব্বিশ আকবর রোড, জাতীয় রাজনীতিতে এই ঠিকানা জানেন না, এমন মানুষের সংখ্যা কম। কংগ্রেসের সুদীর্ঘ দিনের এই কার্যালয়ে এবার উচ্ছেদের কোপ পড়তে চলেছে, যা নিয়ে উদ্বেগে দল। শুধু চব্বিশ আকবর রোডই নয়, উচ্ছেদের তালিকায় আছে দলের আর এক গুরুত্বপূর্ণ কার্যালয়, পাঁচ রাইসিনা রোডও। সূত্রের খবর, মাত্র কয়েকদিন আগে এই দুই গুরুত্বপূর্ণ কার্যালয়ে উচ্ছেদের নোটিশ এসেছে, উত্তর দেওয়ার জন্য হাতে খুবই কম সময়।
এই নিয়ে জাতীয় কংগ্রেস মহলে উদ্বিগ্ন। ১৯৭৮ সাল থেকে চব্বিশ আকবর রোডের এই কার্যালয় জাতীয় রাজনীতি র এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। রাজধানীতে এক নামে সবাই চেনেন। পাঁচ রাইসিনা রোডের কার্যালয় টিতে যুব কংগ্রেসের সব কাজ পরিচালিত হয়।
ইন্দিরা ভবন দলের সদর দফতর হলেও মূলত এই দুই ভবন ই দলের হৃদয় বললে অত্যুক্তি হয় না।
এই দুই ভবন না থাকলে কি হবে তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব খুবই উদ্বিগ্ন, চিন্তিতও। তাঁরা এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছেন। বিশেষত চব্বিশ আকবর রোডের কার্যালয়টি চোখের মণির মত রক্ষা করতে আগ্রহী তাঁরা। আগামী ২৮ মার্চের মধ্যে এই দুই ভবন তাঁদের খালি করে দিতে বলা হয়েছে, সরকারের কাছে আর ও সময় চাইবেন তাঁরা।

Be the first to comment