দোলে শহর কলকাতায় অভব‍্য আচরণের দায়ে ধৃত ৩৩০

Spread the love

রোজদিন ডেস্ক : দোলে শহরের নিরাপত্তায় একাধিক কড়া ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ। এবার দোলে বড় কোনও দুর্ঘটনার খবর নেই শহর জুড়ে। তবে মঙ্গলবার সারাদিন অভব‍্য আচরণ এবং মত্ত অবস্থায় থাকার অভিযোগে ৩৩০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, কলকাতার ১০টি ডিভিশন মিলিয়ে এই গ্রেফতারি করা হয়েছে। এছাড়া ২৫ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে। মঙ্গলবার দোলের দিন কলকাতা শহরে যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় ছোট-বড় মিলিয়ে ৩৯৮টি পুলিশ পিকেট ছিল। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, খান্না মোড়, শ‍্যামবাজার-সহ ৮৬ টি সংবেদনশীল জায়গায় বিশেষ পিকেট ছিল। দায়িত্বে ছিলেন ছ’জন করে পুলিশকর্মী। বাকি ৩১২টি পিকেটে তিনজন করে পুলিশকর্মী ছিলেন। ছিল ৬২টি পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম। এর পাশাপাশি নজরদারির জন‍্য মোটর বাইক এবং পিসিআর ভ‍্যানে যথেষ্ট পরিমান পুলিশকর্মী ও কর্তারা ছিলেন। গত কয়েক বছরে দোলের দিন মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যে শহরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাই এই বছর পুলিশকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছিল। জারি করা হয়েছিল একগুচ্ছ নির্দেশিকা। দিনভর জলপথেও কড়া নজরদারি চালিয়েছে রিভার ট্রাফিক পুলিশ। শহরের মোট আটটি গঙ্গার ঘাটে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা ছিল। বিচলিঘাট, দইঘাট, ও আউট্রাম ঘাট-সহ একাধিক ঘাটের সামনে জোয়ার ভাঁটার সময় মাইকিং করেছে পুলিশ। কেউ যাতে গঙ্গায় তলিয়ে না যায় তার জন্য রিভার ট্রাফিক পুলিশের আধিকারিকরা পশ্চিম বন্দর থানা থেকে হুগলির কোন্নগর ঘাট পর্যন্ত জলপথে মোট চারটি স্পিড বোট নিয়ে টহল দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*