রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্যজুড়ে হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার বা বিএলও-কে কারণ দর্শানোর নোটিস দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন থেকে শুরু করে ১৭ অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দেননি। তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। নোটিসের জবাব সন্তোষজনক না হলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। শীঘ্রই দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে কমিশন কড়া নজরদারি শুরু করেছে। আজ ও আগামীকাল বিহার ছাড়া অন্যান্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে কমিশনের জরুরি বৈঠক হচ্ছে দিল্লিতে। সেখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানা গিয়েছে।

Be the first to comment