রাজ্য জুড়ে শুরু ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্প, অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Spread the love

রোজদিন ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণকে গণ আন্দোলনে পরিণত করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নলবনে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, চলতি বর্ষে পশ্চিমবঙ্গে ১ কোটি ১০ লক্ষ গাছ রোপণ ও তার রক্ষণাবেক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যজুড়ে এদিন একযোগে ৬ লক্ষ ফলের গাছ লাগানোর কর্মসূচিও শুরু করলেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গাছ লাগিয়ে ছবি তোলা উদ্দেশ্য নয়, বরং সেই চারাকে মহীরুহে পরিণত করার দায়িত্বও সরকার নেবে। তিনি জানান, শুধু নলবনেই নয়, রাজ্যের প্রায় ৪৫০ থেকে ৫০০ জায়গায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। বিডিও অফিস, পুরসভা, কর্পোরেশন, থানা, স্কুল-কলেজ এবং বিভিন্ন পার্কে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রীর ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মায়ের নামে গাছ লাগানোর এই ভাবনাকে পশ্চিমবঙ্গে বৃহত্তর পরিসরে বাস্তবায়িত করা হচ্ছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উপরও জোর দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, স্কুল স্তর থেকেই পরিবেশ শিক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব আরও বেশি করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলাই এর লক্ষ্য। নগরায়ণের জেরে সবুজ ধংশের প্রসঙ্গ তুলে বলেন, বিভিন্ন আবাসন প্রকল্প, শিল্পাঞ্চল এবং সরকারি পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ জায়গায় সবুজায়নের বাধ্যবাধকতা থাকলেও বহু ক্ষেত্রে তা মানা হয়নি। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে তার মূল্য দিতে হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, শীর্ষ আধিকারিক, পরিবেশ ও বন দফতরের কর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*