রমিত সরকার, নদীয়া : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভুস্মিভূত হয়ে যায় একটি রেস্টুরেন্ট। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাত আনুমানিক দুটো নাগাদ বিকট শব্দে এলাকার বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তারা দেখতে পান একটি রেস্টুরেন্টে দাউদাউ করে আগুন জ্বলছে।
তৎক্ষণাৎ বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের কর্মীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রেস্টুরেন্ট মালিকের পরিবারের দাবি, গতকাল রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। এর পরেই তারা খবর পান যে দোকানে আগুন লেগেছে। কীভাবে আগুন লাগল সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে পরিবারের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।
ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Be the first to comment