রোজভ্যালির বাজেয়াপ্ত টাকা নয়ছয়, তদন্তের নির্দেশ উচ্চ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : রোজভ্যালির বাজেয়াপ্ত করা প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পতি নয়ছয় করার গুরুতর বিষয় নিয়ে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন (এসএফআইও) কে তদন্তের নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত।
আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে তদন্ত করে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমার। সেই রিপোর্টে অনিয়মের ইঙ্গিত পেলে এসএফআইও-কে সঙ্গে সঙ্গে ফরেনসিক অডিট শুরু করতে হবে। এর জন্য কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রককে দ্রুত অনুমোদন দেওয়ার কথাও বলেছে আদালত। আগামী ১২ ফেব্রুয়ারি এসএফআইও-কে উচ্চ আদালতে রিপোর্ট দিতে হবে।
এর আগে এসএফআইও আদালতে জানায়, কেন্দ্রর অনুমোদন পেলে তাদের এই বিষয়ে ফরেনসিক অডিট করতে বাধা নেই। এই প্রেক্ষিতে উচ্চ আদালত কেন্দ্রকে দ্রুত এই বিষয়ে অনুমোদন দিতে বলেছে।
প্রসঙ্গত, রোজভ্যালির সম্পত্তি বিক্রির টাকা আমানতকারীদের দিতে দিলীপ শেঠ কমিটিকে দায়িত্ব দেয় আদালত। সেই কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় বিস্মিত, ক্ষুব্ধ আদালত। এই নিয়ে ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হলেও কে তা করবে তাই নিয়ে জটিলতা দেখা দেয়। এসএফআইও এখন কেন্দ্রর অনুমোদন পেলেই কাজ শুরু করবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*