রোজদিন ডেস্ক :
গোয়ায় নাবালিকা সহ একাধিক নারীকে যৌন নির্যাতনের দায়ে বিজেপি নেতার তরুণ পুত্রকে গ্রেফতার করা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
সম্প্রতি কারকোরেমের পুর প্রতিনিধি সুশান্ত নায়েকের পুত্র সোহম নায়েককে একাধিক যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের হয়েছে।
গোয়া প্রদেশ কংগ্রেস প্রধান অমিত পাটকর আজ অভিযোগ করেন, গত তিন বছর ধরে সোহম এই নির্যাতন করছে। মূলত কারকোরেম, মারগাও, ভাস্কো ডা গামা, পন্ডা ইত্যাদি এলাকার শতাধিক নাবালিকা তার লালসার শিকার হয়েছে। নাবালিকাদের প্রলোভিত করে, তাদের সে যৌন নির্যাতন করত, মুখ বন্ধ রাখার জন্য ভিডিও করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। সম্প্রতি কয়েকজন তার এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে পুলিশে নালিশ জানায়। বিজেপি শাসিত রাজ্যে দলীয় নেতার পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রথমে গড়িমসি করছিল বলে অভিযোগ।
প্রবল জনমতের চাপে পুলিশ সোহম নায়েককে গ্রেফতার করতে বাধ্য হয় বলে সূত্রের খবর।
গোয়ার অপরাধ শাখা এখন এই বিষয়ে তদন্ত করছে, আধিকারিকরা এই নিয়ে আরও নির্যাতিতাদের সাহসের সঙ্গে এগিয়ে আসতে আর্জি জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে, বিজেপি পুর প্রতিনিধির পুত্রর এই সব কার্যকলাপের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ ও বাড়ছে।

Be the first to comment