প্রচারের মাঝেই রক্তদান, মানবিকতার নজির গড়লেন কল্যাণীর সিপিআইএম প্রার্থী সবুজ দাস

Spread the love

রমিত সরকার, নদিয়া:
ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে বাড়ছে অভিনবত্ব। কোথাও প্রার্থী ভোটারের বাড়িতে গিয়ে রুটি বেলছেন, কোথাও আবার মাছ হাতে কিংবা জল বিলি করে নজর কাড়ার চেষ্টা চলছে। তবে সেই সব চমকের ভিড়ে এবার উঠে এল এক অন্য ছবি—মানবিকতার।

নদিয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সবুজ দাস শনিবার সন্ধ্যায় প্রচারের মধ্যেই এক মানবিক উদ্যোগের মাধ্যমে নজর কাড়লেন। প্রচার কর্মসূচির মাঝেই তিনি খবর পান, এক গুরুতর অসুস্থ রোগীর জন্য জরুরি ভিত্তিতে “O” নেগেটিভ রক্তের প্রয়োজন। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই প্রচার বন্ধ করে তিনি ছুটে যান কল্যাণী জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।

সেখানে পৌঁছে নিজেই এক ইউনিট “O” নেগেটিভ রক্ত দান করেন সবুজ দাস। রক্তদান শেষে আবার তিনি স্বাভাবিকভাবেই ফিরে যান নির্বাচনী প্রচারে। তাঁর এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন রোগীর পরিবার। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রার্থীর প্রতি।

এ প্রসঙ্গে সবুজ দাস বলেন, “এর সঙ্গে ভোট প্রচারের কোনও সম্পর্ক নেই। আমি সারা বছরই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকি। নিয়মিত রক্তদান করি।” তিনি আরও জানান, তাঁর নিজের রক্তের গ্রুপ “O” নেগেটিভ হওয়ায় খবর পেয়েই দ্রুত ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন।

মানবিকতার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “রক্তদান আমার কাছে নতুন কিছু নয়। যখনই কেউ ডেকেছেন, আমি সাড়া দেওয়ার চেষ্টা করেছি। এটা জনসংযোগের বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানোই আসল কথা।” তিনি আরও যোগ করেন, বছরে অন্তত তিনবার রক্ত দেওয়ার চেষ্টা করেন তিনি এবং এই কাজের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

নির্বাচনের আবহে এই ধরনের উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রচারের চমকের ভিড়ে এই ধরনের মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে আলাদা গুরুত্ব বহন করে।

সবুজ দাসের কথায়, “মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, বাঁচলে সবাই মিলে বাঁচব, মরলে সবাই মিলে মরব। ভোট মিটে গেলেও মানুষের পাশে থাকাই আমাদের লক্ষ্য।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*