শুভ জন্মদিন লিও মেসি, ‘দ্য ম্যাজিশিয়ান’

Spread the love

মাসানুর রহমান,কলকাতা:– স্মৃতির ছেলেবেলা গল্পের জগৎ পেরিয়ে এখন মিথ বা কিংবদন্তির রূপ নিয়েছে। কে জানে, হয়তো কোনো এক মনোরম মনোটোনাস সকালে কফির মগ হাতে মনে মনে সেই স্মৃতির ঝাঁপি খুলে বসেন রূপকথার সেই মহানায়ক, যাঁকে ঘিরে তৈরি হয়েছে এই অনবদ্য গল্পগাথা____ লিওনেল মেসি। শুরুটা হয়েছিল একটা স্যুটকেস থেকে কিংবা একটা ন্যাপকিন পেপার অথবা একটা বাইসাইকেল থেকে।

যে গল্পে প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াবে এক অলৌকিক জাদুকরের গল্প, যে গল্পে একজন মানুষ ভীষণ কঠিন এক লড়াই শেষে পান করবেন অমরত্বের সঞ্জীবনী। আর্জেন্তিনা ফুটবল দলের অধিনায়ক। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা। মেসির অর্জনের খাতা যেন শেষ হওয়ার নয়- সর্বমোট ৮ বার ব্যালন ডি’অর জয়। বহুবছর ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে সহ অসংখ্য শিরোপা। আন্তর্জাতিক অঙ্গনে দুইবার কোপা আমেরিকা, একবার ফিনালিসিমা এবং অবশেষে ২০২২ সালের কাতার বিশ্বকাপ।

বিশ্বকাপ ছিল মেসির বহু কাঙ্ক্ষিত স্বপ্ন। সেই স্বপ্নপূরণ ঘটে কাতারের মরুভূমিতে। ট্রফিটি হাতে নিয়ে শুধুই আর্জেন্টিনা নয়, উল্লসিত হয়েছিল সারা বিশ্বের মেসি-ভক্তরা।

অনেকে ভেবেছিলেন বিশ্বকাপ জয়ের পরই হয়তো ফুটবলকে বিদায় বলবেন মেসি। তবে তিনি জানান, এখনই থেমে যাওয়ার সময় নয়, সময় এখন উপভোগের। তাই তো বর্তমানে আমেরিকান সকার লিগে ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন পুরোদমে।

আজ থেকে ঠিক ৩৮ বছর আগে ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। ছোটখাটো গড়নের বড় জাদুকরের আজ ৩৮তম জন্মদিন। নিজের বাঁ পায়ের জাদুতে যিনি বশ করেছেন গোটা ফুটবল বিশ্বকে। শুভ জন্মদিন ‘দ্য ম্যাজিশিয়ান’- লিওনেল মেসি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*