রোজদিন ডেস্ক: নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে যুক্ত প্রত্যেকের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা চালু করার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনার শিকার হলে তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সুবিধা সরকারি কর্মীদের পাশাপাশি নির্বাচনের কাজে যুক্ত বেসরকারি কর্মীরাও পাবেন। নির্বাচন চলাকালীন কেউ অসুস্থ হলে বা জখম হলে তাঁরা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, নির্বাচনে যুক্ত সমস্ত নিরাপত্তা কর্মী, যেমন রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ডরা এর আওতায় পড়বেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং ভিন রাজ্য থেকে আসা পুলিশকর্মীরাও একই সুবিধা পাবেন। নির্বাচনের কাজে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীরা, যেমন ভোটকর্মী, প্রযুক্তিগত কর্মী, এমনকি অস্থায়ী কর্মীরাও এই চিকিৎসা পরিষেবা পাবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে সমস্ত সুবিধা সাধারণত পাওয়া যায়, তার সব ক’টিই প্রযোজ্য হবে নির্বাচনী দায়িত্বে থাকা এই কর্মীদের ক্ষেত্রেও।

Be the first to comment