রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হতেই সোমবার থেকে শুরু হয়ে গেল মনোনয়ন জমার পর্ব। কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। ৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই এবং ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ৬ মে-র মধ্যে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের নাম ও সংশ্লিষ্ট ভোটগ্রহণ সূচি উল্লেখ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে কমিশন।
মনোনয়ন পর্বের প্রথম দিন সোমবার জমা পড়ল মোট ৭৮টি মনোনয়নপত্র। কমিশন প্রকাশিত দৈনিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের এই পরিসংখ্যান সামনে এসেছে। বিভিন্ন জেলায় মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনের তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার, মহিষাদল এবং নন্দীগ্রাম কেন্দ্রে সর্বাধিক ৩টি করে মনোনয়ন জমা পড়েছে। একই সংখ্যক মনোনয়ন জমা পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেন্দ্রেও। আজ মঙ্গলবার মনোনয়নের দ্বিতীয় দিন।

Be the first to comment