রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকারের সংসদের আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করলো কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ বলেন, এর ফলে দক্ষিণ ভারত ও ছোট রাজ্যগুলি অসুবিধায় পড়বে। ইতিমধ্যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এই প্রস্তাব প্রকাশ্যে এলে আরও অনেক নেতাই এই বিষয়ে উদ্বিগ্ন হবেন।
সমাজ মাধ্যমে জয়রাম রমেশ জানান, সংসদের আসন বৃদ্ধির ফলে উত্তরপ্রদেশের আসন ৮০ থেকে বৃদ্ধি পেয়ে ১২০ হয়ে যাবে, অন্যদিকে তামিলনাড়ু, কেরালার আসন খুব বেশি হলে বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৫৯ ও ৩০ হবে। বিহারেও তা বৃদ্ধি পেয়ে ৬০ হওয়ার সম্ভাবনা।
প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেস নেতৃত্ব আরও বলেন, কোন রকম জনগণনা, ডিলিমিটেশন না করেই “ইউ টার্ন ওস্তাদ” সংসদে মহিলা সংরক্ষণ বিল গ্রহণের উদ্যোগ নিতে চায়!
নিজেদের ব্যর্থ বিদেশ নীতি থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই কেন্দ্র এই সব করার কথা ভাবছে বলে তাঁদের অভিযোগ।

Be the first to comment