রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে কলকাতা পুরসভায় মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। আগামী ১৯ জুন, বেলা ২টো নাগাদ পুরসভায় চলতি মাসের অধিবেশন ডাকা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। তাঁর কথায়, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুর-আইন মেনে আগামী ১৯ তারিখে চলতি মাসের অধিবেশন ডাকা হচ্ছে। আইন না মেনে পুরসভার তরফে অধিবেশন বাতিল করার চেষ্টা করা হয়েছিল। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুর-আইন অনুযায়ী চেয়ারপার্সনই অধিবেশন-সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। সেই আইন মেনেই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আদালতের অর্ডার সবার কাছে পৌঁছে যাবে। আগামী অধিবেশন নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে-সংক্রান্ত চিঠি দেওয়া হচ্ছে পুর-সচিবকে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই নাগরিক পরিষেবায় ব্যাঘাত ঘটিয়ে পুরো বোর্ড ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপির সরকার। কলকাতা পুরসভাতেও গত ২২ মে চেয়ারপার্সনকে না জানিয়ে মাসিক অধিবেশন বাতিল করে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় চেয়ারপার্সন মালা রায়ের তরফে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, পুর-কমিশনার কিংবা পুর-সচিব নন পুর-আইন অনুযায়ী, মাসিক অধিবেশন-সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র পুরসভার চেয়ারপার্সন। তার পরেই এদিন সাংবাদিক বৈঠকে চলতি মাসের অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেন চেয়ারপার্সন মালা রায়।

Be the first to comment