রোজদিন ডেস্ক : সামনে কঠিন দিন। কিন্তু আমাদের লড়াই জারি থাকবে। বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের বাড়িতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে নেত্রী সাংসদদের বলেন, মনোবল চাঙ্গা রাখতে হবে। আমরা আগেও বিরোধী ছিলাম। তখনও লড়াই করেছি। ফের লড়াই করব। রাস্তায় নামবো। আমাদের আড়াই হাজার পার্টি অফিস ভেঙে দিয়েছে। আজ পর্যন্ত ১০ জন কর্মী খুন হয়ে হয়েছে। অসংখ্য কর্মী ঘড়-ছাড়া। পালিয়ে বেড়াতে হচ্ছে। তাঁদের পাশে থাকুন। ফের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরির প্রসঙ্গ তুলে বলেন, তিনটি টিম তৈরি করা হচ্ছে। টিমে সাংসদ-বিধায়ক-সহ নেতারা থাকবেন। বৈঠকের শেষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নেত্রী আমাদের মনোবল বাড়িয়েছেন। আমরা একটি কঠিন নির্বাচনে লড়াই করেছি। এসআইআর নিয়ে কঠোর পরিশ্রম করেছি। আমাদের শুধু বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়নি, একটি বড় শক্তিকে আমাদের হারানোর কাজে লাগানো হয়েছিল।

গণনার দিন কেন্দ্রীয় বাহিনী আমাদের প্রতিনিধিদের জোর করে বের করে দিয়েছিল। তৃতীয় রাউন্ডে বিজেপিকে ২০০-র বেশি আসনে এগিয়ে দেখিয়েছিল সংবাদমাধ্যম। এভাবে আমাদের প্রতিনিধিদের মনোবল ভাঙা হয়েছিল। ভবানীপুরেও ঠিক একই কায়দায় আমাদের হারানো হয়েছিল। ইভিএমের তথ্যের সঙ্গে ১৭ সি ফর্মের কোনও মিল পাওয়া যায়নি। কোনও ক্ষেত্রে মেশিনের ব্যাটারি চার্জ ৯০ শতাংশেরও বেশি ছিল। আমরা সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানিয়ে ছিলাম। একদিন ঠিকই এই সত্য সামনে আসবে। সবমিলিয়ে জনগণের রায় লুট করা হয়েছিল এই নির্বাচনে।

Be the first to comment