আলুচাষিদের নিয়ে রাজনীতি বিজেপির, সরকার পাশে আছে ও থাকবে, চন্দ্রকোণায় বার্তা তৃণমূলনেত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিজেপি যেভাবে আলু ও আলুচাষিদের নিয়ে রাজনীতি করছে তার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চন্দ্রকোণার জনসভা থেকে তিনি স্পষ্ট বলেন, তৃণমূল সরকার সবসময় আলু চাষিদের পাশে ছিল, আছে এবং থাকবে। ক্ষতিপূরণ থেকে শস্যবিমার প্রসঙ্গ তুলে মমতা বলেন, উন্নয়ন নিয়ে আমায় কেউ জ্ঞান দেবেন না। আলুচাষিদের সমস্যা নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করবো না। যদি কোনও আলুচাষির আলু নষ্ট হয় সরকার আপনাকে ক্ষতিপূরণ দেবে, নিশ্চিন্তে থাকুন। কারও কথায় কান দেবেন না। যেভাবে বিজেপি আলু নিয়ে রাজনীতি করছে তার বিরুদ্ধে গর্জে উঠে মুখ্যমন্ত্রী বলেন, আমরা ৩০ শতাংশ কোল্ডস্টোরেজ করেছি যাতে আমরা আলু কিনে রাখবো। আইসিডিএস ও মিড ডে মিলের জন্য আলু কেনা হবে। এমনকি কোনও চাষি যদি বাইরেও আলু বিক্রি করতে চান, তাহলেও সরকারের কোন আপত্তি নেই। যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন। নিশ্চিন্ত থাকুন। মঙ্গলবার চন্দ্রকোনায় বেলা বারোটায় সভা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বেশ কিছুটা আগেই উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। বক্তব্যের শুরুতে এসআইআরের নামে বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, ধর্মের অর্থ হচ্ছে মানুষের সেবা। অথচ বিজেপি নিজেদের ফায়দা তুলতে ভেদাভেদ করছে। বাংলায় জিততে পারবে না জেনে বাইরে থেকে লুকিয়ে ৩০ হাজার নাম ঢোকানোর চেষ্টা করছে। খড়গপুর, আসানসোলের ভোটে বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সিইও অফিসে যাওয়ার প্রসঙ্গও তোলেন। বলেন, গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। ওরা বাংলাকে শেষ করতে চায়। কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষ জবাব দেবে। এদিন চড়কডাঙা ময়দানের মঞ্চ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পাকা রাস্তা ও বাড়ি তৈরি-সহ বিপুল উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। চতুর্থবার ক্ষমতায় এলে আলুচাষি থেকে শুরু করে অসহায় মানুষের মাথায় আরও পাকা ছাদ নিশ্চিত করার কথাও বলেন তিনি। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে সূর্যকান্ত দলুইকে জেতানোর অর্থ বিজেপি বিরোধী লড়াইয়ের তৃণমূলকে শক্তিশালী করা। এদিন অনুষ্ঠান শেষে আদিবাসীদের নিয়ে লেখা নিজের গানের ছন্দে তাল মেলাতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*