সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, সওয়াল করবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ, বুধবার সুপ্রিম কোর্টে বাংলার মানুষের হয়ে ন্যায় বিচার চাইবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন নেত্রী নয়,একজন সাধারণ মানুষ হিসেবে তিনি দেশের সর্বোচ্চ আদালতের কাছে তুলে ধরবেন বাংলার মানুষের ক্ষোভ। গত কয়েকদিনে যে কথা তিনি বারবার সভা সমিতিতে বলেছেন, সে-কথাই এবার শীর্ষ আদালতে দাঁড়িয়ে বলবেন। এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই প্রথম সওয়াল করবেন। এসআইআরে অন্যায়ভাবে বাংলার মানুষকে হেনস্তা করা হলে কাউকে রেয়াত করা হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর জটিলতা বাড়তে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সাক্ষাতের পর সেই সংঘাত আরও বেড়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। আগেই একটি মামলা করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে ১ নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে। এই একই বিষয়েই অন্য একটি পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ৩৭ নম্বরে রয়েছে। কবি জয় গোস্বামীর এই সংক্রান্ত মামলা রয়েছে তালিকায় ৩৬ নম্বরে। বুধবার এই এসআইআর মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন তার ইঙ্গিত মিলেছিল আগেই। সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল তাঁকে ফের আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কি না তা নিয়ে। আদালত সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। সুপ্রিম কোর্টে গেলে সেই সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। ইতিমধ্যে তাও মিলেছে। ফলে তাঁর শুনানিতে উপস্থিত থাকা নিয়ে আর কোনও সমস্যা নেই। এই খবর ছড়িয়ে পড়তেই চাঙ্গা গোটা তৃণমূল শিবির। সোশাল মিডিয়া ভরে গিয়েছে আইনজীবীর কালো গাউন পরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*