চালসায় চার্চে গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা

Spread the love

রোজদিন ডেস্ক : আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবও সমান। আমরা জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার উত্তরবঙ্গের চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভেদাভেদ নয়, আমরা উন্নয়নে বিশ্বাসী। বাংলায় সকল ধর্ম সমান। দুর্গাপুজো-সহ বাকি ধর্মের উৎসবেও বাংলার মানুষ মেতে ওঠে। বাংলায় কোনও ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষ এক হয়ে বাংলায় বাস করেন।

প্রসঙ্গত, এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী চালসার সেন্ট লুসি চার্চে গেলেন। এদিন চার্চে গিয়ে ফাদারের সঙ্গে কুশল বিনিময় করেন। ছিলেন স্থানীয় বাসিন্দারাও। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। বিধানসভা ভোটের জন্য এখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। পরের বার ক্ষমতায় এলে গুড ফ্রাইডে-তে ছুটি নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিন চার্চের প্রার্থনা সঙ্গীতেও গলা মেলান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাতে ধামসা-মাদলের সঙ্গে আদিবাসী নৃত্যের আয়োজনও হয়েছিল। সেখানেও সকলের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী। ওই এলাকা উত্তরবঙ্গের চা-বলয়ের মধ্যে পড়ে। স্থানীয় চা-শ্রমিকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। শোনেন তাঁদের সমস্যার কথাও৷ বিশপ ফাবিয়ান টোপ্পো রাজ্যের প্রকল্পগুলির প্রশংসা করেন। ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সেইসঙ্গেই তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, যেগুলি সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষের ভাল হয়েছে সেই কথাও তুলে ধরেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*