রোজদিন ডেস্ক : সুদূর কেরালায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এই রাজ্যের পরিযায়ী শ্রমিক। সন্দেহের বশে স্ত্রীকে খুন করে দুই সন্তানকে নিয়ে এই রাজ্যে পালিয়ে আসার চেষ্টা করেছিল সে, এমনই অভিযোগ কেরালা পুলিশের। এই সূত্রে প্রকাশ, মুর্শিদাবাদের সোনি শেখ ওই রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করে। স্ত্রী আল্পনা ও দুই সন্তান-সহ আয়ারকুন্নামে থাকতো। গত ১৭ অক্টোবর সোনি পুলিশে স্ত্রীর নিখোঁজ ডায়েরি করে। জানায়, ১৪ অক্টোবর থেকে আল্পনা নিখোঁজ। পুলিশ তদন্তে নেমে এলাকার সিসি টিভি খতিয়ে দেখে। কেন সোনি তিনদিন পর স্ত্রী নিখোঁজের ঘটনা পুলিশে জানালো, এতেও সন্দেহ করে তারা। গতকাল তাকে থানায় তলব করে। কিন্তু সোনি সেখানে না এসে দুই সন্তানকে নিয়ে এর্নাকুলাম চলে যায়। আজ সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। জেরায় একত্রিশ বছরের সোনি স্বীকার করে আল্পনা ( ২৮) কে সে খুন করে নির্মীয়মান এক বাড়ির কাছে মাটিতে পুঁতে দিয়েছে। পুলিশ তাকে সেখানে নিয়ে গিয়ে
আল্পনার দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। নিছক সন্দেহের বশে না এর নেপথ্যে অন্য কারণ আছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, আজ সকালে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বেংগালুরুতে অগ্নিকান্ডে নিহত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের বাড়ি যান। এই জেলায়
সোনির বাড়িতে স্ত্রী খুনের খবর এলে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment