রোজদিন ডেস্ক :
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বতী জামিন মঞ্জুর করলো কলকাতা উচ্চ আদালত। শুধু নির্বাচনের জন্যই তাঁকে এই জামিন দেওয়া হোল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ জানান, তিন সপ্তাহের জন্য এই জামিন মঞ্জুর করা হয়েছে।
আজই তাঁর জেলমুক্তি হওয়ার আশা। আগামী ২১ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে। আপাতত জামিন মিললেও মিলন প্রধানকে একগুচ্ছ শর্তও দিয়েছে উচ্চ আদালত। নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই তাঁকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। সকাল ও রাতে সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে তাঁকে।
গত সপ্তাহেই বিচারপতি জানিয়েছিলেন, মিলন প্রধানকে উপনির্বাচনে লড়তে দেওয়া হোক। তিনি অন্তবর্তী জামিন দেওয়ার কথা ও বলেন। এতে স্বস্তি মেলে তাঁর ও কংগ্রেসের।
ইতিমধ্যে তাঁর স্ত্রী নন্দীগ্রামে স্বামীর হয়ে প্রচার করছেন। দলের কর্মী সমর্থকরা তাঁর পাশে আছেন৷
উনিশ বছরের পুরানো মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারের ঘটনায় দেশব্যাপী রাজনৈতিক মহলে আলোড়ন ওঠে। রাহুল গান্ধী সহ দলের জাতীয় নেতারা এর বিরুদ্ধে সরব হন। আপাতত দল অনেকটাই স্বস্তিতে।
নন্দীগ্রামের উপ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহল রীতিমত তেতে উঠেছে। গতকাল ওখানে বামফ্রন্টের সিপিআই প্রার্থীর ওপর হামলার অভিযোগ ওঠে। আগামী ৬ অক্টোবর উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Be the first to comment