রোজদিন ডেস্ক : রাজ্যের ১৯ জন অপসারিত আইপিএস অফিসারকে নতুন পদে নিয়োগ করা হল নবান্নের তরফে। বুধবার রাজ্য সরকার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। নির্বাচন কমিশন এই সকল আইপিএস অফিসারদের মঙ্গলবার অপসারণ করেছিল। স্পষ্ট জানানো হয়েছিল নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও পদে তাঁদের পুনর্বহাল করা যাবে না। সেই রীতি মেনেই নবান্ন নয়া নির্দেশিকা জারি করেছে।
কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদের ইন্দিরা মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) পদে। এডিজি (দক্ষিণবঙ্গ) পদ থেকে অপসারিত রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে এডিজি (সংস্কার ও সমন্বয়) করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠীকে তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি করা হয়েছে। আসানসোল-দুর্গাপুরের অপসারিত পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধরি একই দায়িত্ব পেয়েছেন। আইজি (উত্তরবঙ্গ) পদ থেকে অপসারিত সুকেশকুমার জৈনকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) আইজি করা হয়েছে। হাওড়ার অপসারিত পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া এবং চন্দননগরের অপসারিত পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে আইবির ডিআইজি হচ্ছেন।
রাজ্য পুলিশের এসটিএফ-এর পুলিশ সুপার করা হয়েছে পূর্ব মেদিনীপুরের অপসারিত পুলিশ সুপার পারিজাত বিশ্বাস, কোচবিহারের অপসারিত পুলিশ সুপার সন্দীপ কাররা, ডায়মন্ড হারবারের অপসারিত পুলিশ সুপার বিশপ সরকার, বসিরহাটের অপসারিত পুলিশ সুপার আরিশ বিলাল এবং পশ্চিম মেদিনীপুরের অপসারিত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালিকে। বারাসতের অপসারিত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়কে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি পদে আনা হয়েছে। এডিজি (কারা) পদে লক্ষ্মীনারায়ণ মীনা রয়েছেন। তাঁকে এডিজি (রেকর্ড ব্যুরো) হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, আইবির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে ছ’জন অপসারিত আধিকারিককে নিয়োগ করা হয়েছে। মালদহের অপসারিত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ইসলামপুরের অপসারিত পুলিশ সুপার জোবি থমাস, বীরভূমের অপসারিত পুলিশ সুপার আমনদীপ, মুর্শিদাবাদ পুলিশ জেলার অপসারিত সুপার ধৃতিমান সরকার হুগলি (গ্রামীণ)-এর অপসারিত পুলিশ সুপার কামনাশিস সেন এবং জঙ্গিপুর পুলিশ জেলার অপসারিত সুপার হোসেন মেহেদি রহমান।

Be the first to comment