রোজদিন ডেস্ক :
রাজ্যে নতুন বিপর্যয় মোকাবিলা বাহিনী “অর্জুন” (New Disaster Management Team Arjun) এর যাত্রা শুরু হল। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এই আধুনিক, প্রশিক্ষিত, কর্মদক্ষ বাহিনীর উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ২০০ জনকে নিয়ে এই বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি হয়েছে। দার্জিলিং পাহাড়, সুন্দরবন ও কলকাতায় তাঁদের মোতায়েন করা হবে। পরে দিঘা, মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থানে তাঁদের মোতায়েন করা হবে।
রাজ্য বাজেটে এই বাহিনী ঘোষণার পর তার দ্রুত বাস্তবায়নের জন্য মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে তিনি ধন্যবাদ জানান।
আপাতত এই বাহিনীর একশো জন কলকাতায় ও দার্জিলিং, সুন্দরবনে পঞ্চাশ জন করে মোতায়েন করা হবে।
প্রাক্তন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ওই আমলে এই দিকে কোন নজরই দেওয়া হয় নি। উপযুক্ত প্রশিক্ষণ, সরঞ্জাম ইত্যাদি সব কিছুর ই অভাব ছিল। নতুন অর্জুন বাহিনীতে প্রাক্তন সেনা, অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আমফানের সময় ওড়িশা থেকে বিশেষ প্রশিক্ষিত কর্মীদের এনে কলকাতায় গাছ কাটার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পোস্তা, মাঝেরহাট, সাম্প্রতিক তারাতলা বিপর্যয় ইত্যাদির কথা বলেন।
এই উদ্ধারকারী বাহিনীকে বীর ও নায়ক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, বীররা মাসে পঁচিশ হাজার টাকা ও নায়কদের চল্লিশ হাজার টাকা দেওয়া হবে। তাঁদের পরিবারের সুরক্ষার ব্যবস্থাও করা হচ্ছে।
দার্জিলিং নিয়ে সাংসদ রাজু বিস্তা তাঁকে চিঠি দিয়েছেন। হিমালয় সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখছে রাজ্য সরকার।

Be the first to comment