রোজদিন ডেস্ক :
রাজ্যে জঙ্গিদের খোঁজে উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)। অসমে নথিবদ্ধ একটি মামলার তদন্তে এই তল্লাশি চালাচ্ছেন তাঁরা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে মুজিবর রহমান নামে এক যুবকের বাড়ি যান তাঁরা। তবে তাঁকে পাননি। বিজ্ঞানের স্নাতক ওই যুবক সরকারি চাকরি সহ নানা কাজের প্রস্তুতি নিচ্ছেন।
সূত্রের খবর, গত বছরের শেষে অসমের বরপেটা, চিরাং, ত্রিপুরা থেকে আল কায়েদা মতাদর্শে চলা বাংলাদেশের জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার ১১ জন সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়। সেখানেই মুজিবুরের নাম উঠে আসছিল। গত জানুয়ারি থেকেই তিনি ফেরার।
আজ সকালে বর্ধমানের একটি মসজিদের ইমাম কে আটক করেছে এনআইএ। এই ছাড়া বজবজের জুম্মান শেখ, কুলপি থেকে শাহরুল পুরকায়েতকে গ্রেফতার করেছে এনআইএ। তাঁদের সঙ্গে আগে ধৃতদের যোগাযোগ পাওয়া গেছে।
সূত্রের খবর, বাংলাদেশ, অসম, পশ্চিম বঙ্গের বিভিন্ন এলাকায় আল কায়দার নির্দেশে এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ বাড়ছে বলে এনআইএ মনে করে। এই সব অঞ্চলে নজরদারি কঠোর করা হচ্ছে।

Be the first to comment