রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার, মুখ্যমন্ত্রীর কুর্সি পাচ্ছে বিজেপি?

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারের রাজ্যপাট ছেড়ে এবার রাজ্যসভায় চললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত কয়েকদিন ধরে এই নিয়ে জল্পনা তুঙ্গে ওঠার পর আজ নিজেই তিনি এই সিদ্ধান্তে র কথা জানিয়ে দেন। কেন তাঁর এই ইচ্ছা, তাও সমাজমাধ্যমে খোলসা করেন। গতকাল এই নিয়ে দলের ম্যারাথন বৈঠকের পর তাঁর এই পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
তাঁর পর বিহারের কুর্সি এবার বিজেপিই দখল করবে বলে মনে করা হচ্ছে। নীতীশ পুত্র নিশান্ত কুমার সদ্য জেডিইউ-এ যোগ দিয়েছেন, তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলে খবর। তাঁর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার খবরে ব্যথিত দল, সাধারণ মানুষজনও। দীর্ঘদিন ধরে তাঁদের আস্থাভাজন ছিলেন তিনি। এবার তাঁর এই পদ থেকে বিদায়ের খবরে রাজ্য ব্যাপী উদ্বেগ ছড়িয়েছে।
আজ সমাজমাধ্যমে রাজ্যের আমজনতার উদ্দেশ্যে নীতীশকুমার বলেন, “দুই দশকেরও বেশি সময় ধরে, আপনারা আমার ওপর ধারাবাহিকভাবে আপনাদের আস্থা ও সমর্থন রেখেছেন।

এবং সেই আস্থার জোরেই আমরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিহার এবং আপনাদের সবার সেবা করেছি। আপনাদের আস্থা ও সমর্থনের শক্তিই আজ বিহারকে উন্নয়ন ও মর্যাদার এক নতুন মাত্রা উপস্থাপন করতে সক্ষম করেছে। এর জন্য অতীতেও আমি আপনাদের প্রতি বহুবার কৃতজ্ঞতা প্রকাশ করেছি।”
সংসদীয় যাত্রার শুরু থেকে বিহার ছাড়া দিল্লির আইনসভার দুই কক্ষে যাওয়ার যে তাঁর ইচ্ছা ছিল, তা ও জানান নীতীশ কুমার। বলেন, ” এই আকাঙ্খা বজায় রেখে, আমি এবার রাজ্যসভায় সদস্য হতে চাই।” রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি জানান, ভবিষ্যতে ও তাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে ও উন্নত বিহার গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন। রাজ্যের সরকারের সঙ্গে তাঁর পূর্ণ সহযোগিতা ও নির্দেশনা থাকবে বলেও তিনি জানান।
যদিও তাঁর এই সিদ্ধান্ত দলের অনেকেই মন থেকে মানতে পারছেন না। তাঁর ঘনিষ্ঠ নেতা রাজীব রঞ্জন প্রকাশ্যেই আক্ষেপ করে বলেন, বিহারের লাগাম অন্য কার ও (পড়ুন বিজেপি!) হাতে যাক তাঁরা চান না। তিনি বরং নিশান্ত কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকার পক্ষে সওয়াল করেন। বিহারের মানুষ এই খবরে ব্যথিত, উদ্বিগ্ন, তাঁরা কাঁদছেন। নাম না করে বিজেপি কে নিশানা করে তিনি বলেন,ওঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যদি আগেই নেওয়া ছিল, তবে জনগণকে এই নিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল। তাঁদের লক্ষ লক্ষ সমর্থকদের কি উত্তর দেবেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*