রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুর শেষ হয়নি। তা স্থগিত রাখা হয়েছে। লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিশেষ আলোচনায় জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন সংসদে তিনি জানান, পাকিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা যদি আবার কোনও ধরণের হামলা চালায়, তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, ২২ এপ্রিল ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা। জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। সেই হামলার জবাব দিতে ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিদের একাধিক ঘাঁটি। তা নিয়েই সংসদে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। তাতে রাজি হয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই মতো সোমবার, ২৮ জুলাই সংসদের নিম্নকক্ষ লোকসভায় এ নিয়ে এ বিশেষ আলোচনা হয়। সেখানে এই অপারেশন নিয়ে সব তথ্য তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিন তিনি বলেন, পাহেলগাঁও হামলার বদলা নিতেই মাত্র ২২ মিনিটেই জঙ্গিদের ঘরে ঢুকে তাদের মেরেছে ভারতীয় সেনা । এই হামলায় ১০০-র বেশি জঙ্গি, তাদের প্রশিক্ষক ও কর্মীরা নিহত হয়েছে। তিনি বলেছেন, জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে সমূলে উৎখাত করা হয়েছে। রাত দেড়টা নাগাদ এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এই হামলায় ড্রোন থেকে শুরু করে ব্যবহার করা হয়েছিল দূরপাল্লার অস্ত্র।’
তিনি দাবি করেছেন, ১০ মে ভারতীয় সেনা যখন পাকিস্তানের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল, তারপরই পরাজয় স্বীকার করে নিয়ে যুদ্ধবিরতির আবেদন জানায় পাকিস্তান। সঙ্গে তিনি বলেছেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়নি বরং তা স্থগিত করা হয়েছে। তবে ভবিষ্যতে জঙ্গিরা যদি ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে, তাহলে তার জোরাল ও চুড়ান্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

Be the first to comment