বাড়ি, পিডিএস দফতর ঘুরে এসএসকেএমে দেহদান, রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সমীরকে শেষ শ্রদ্ধা সব দলেরই

Spread the love

রোজদিন ডেস্ক : প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ডের শেষ যাত্রায় রাজনীতি ভুলে সৌজন্যের ছবি। বাম থেকে কংগ্রেস হয়ে তৃণমূল কংগ্রেস, সকলেই হাজির তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। মৌলালীর পিডিএস রাজ্য দফতরে মঙ্গলবার বেলার দিকে যখন তাঁর মরদেহ আনা হল, সেখানে তখন অনুরাগীদের জমায়েত। সেখানেই তাঁকে একে একে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দেশ বাঁচাও গণমঞ্চের দোলা সেন, শিল্পী সৈকত মিত্র, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, রমলা চক্রবর্তী-সহ অনেকে। একদা সহকর্মী সমীরকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রবীন দেব, শমীক লাহিড়ি, রতন বাগচী-সহ অন্যরা। আগাগোড়া ছিলেন সমীর পুততুণ্ডের স্ত্রী অনুরাধা পুততুণ্ড। তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর আগে মঙ্গলবার সকালে তাঁর মরদেহ আর এন টেগোর হাসপাতাল থেকে বের করে যাদবপুরে বিবেকনগরের বাসভবনে আনা হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর নিয়ে যাওয়া হয় মৌলালির পিডিএস রাজ্য দফতরে। সেখানে থেকে বিকেলে মরদেহ নিয়ে শোকমিছিল এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেখানে পৌঁছে নিয়ম মেনে তাঁর অঙ্গীকার অনুযায়ী দেহদান প্রক্রিয়া শেষ করা হয়।
রবিবার রাত সওয়া এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে আরএন টেগোর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে আগেই শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ছিল তাঁর শেষ যাত্রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*