রাজ্যে রেশন পরিষেবা ও ধানক্রয়ে স্বচ্ছতা আনতে চালু হচ্ছে ‘সিঙ্গল উইন্ডো’ সিস্টেম

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের রেশন পরিষেবা ও কৃষকদের কাছ থেকে সরাসরি ধানক্রয় সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি আরও স্বচ্ছ ও সহজ করতে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করছে প্রশাসন। একই সঙ্গে এই ব্যবস্থায় তা আরও নাগরিক-বান্ধব হবে বলেই মনে করছে খাদ্য দফতর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এর আওতায কেন্দ্রীয় ভাবে একটি হেল্পডেস্ক-সহ একটি কল সেন্টার চালু করা হবে। যার মাধ্যমে রেশন পরিষেবায় যুক্ত নাগরিক ও ধান বিক্রয়কারী কৃষকেরা সরাসরি খাদ্য দফতরে তাঁদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। ওই কল সেন্টার সপ্তাহে সাতদিন টানা ১২ ঘণ্টা কাজ করবে। বাংলা, ইংরেজি ও হিন্দি, তিন ভাষাতেই তথ্য ও অভিযোগ সংক্রান্ত সহায়তা মিলবে। হেল্পলাইন নম্বরগুলি হল ১৯৬৭, ১৪৪৪৫ এবং ১৮০০৩৪৫৫৫০৫। এর পাশাপাশি নাগরিকরা এসএমএস, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা অনলাইন পোর্টালের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন।প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নম্বর দেওয়া হবে, যাতে অভিযোগকারীরা সহজেই পরবর্তী আপডেট জানতে পারেন। অভিযোগের তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করা হবে, যাতে সমস্যার পুনরাবৃত্তি না হয়। একই সঙ্গে প্রশাসনিক ঘাটতিও চিহ্নিত করা যায়। এই আধুনিক কল ম্যানেজমেন্ট ব্যবস্থায় থাকবে স্বয়ংক্রিয় কল বণ্টন, কল রেকর্ডিং, আইভিআর পরিষেবা, রাউটিং এবং ওয়েব-ভিত্তিক অভিযোগ পোর্টালের সঙ্গে সংযুক্তি। প্রাথমিকভাবে ১৬টি অপারেটর টার্মিনাল চালু করা হবে, পরে প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*