রোজদিন ডেস্ক :
দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের সহকারী অধ্যাপক দেবস্মিতা পালের (৪৯) রহস্য মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাইরে থেকে তাঁর ফ্ল্যাটে তালা দেওয়া ছিল বলে তাঁর বোন দেবারতি অভিযোগ করেন। সূত্রের খবর, বারবার যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তিনি দেবস্মিতার ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবন্ধ দেখেন। সন্দেহ হওয়ায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করতেই দিদিকে মৃত অবস্থায় দেখে শিউরে ওঠেন। দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁর মৃত দেহ উদ্ধার করে। সেখানে বহু আঘাতের চিহ্ন মিলেছে। তবে হত্যাকারী তাঁর পরিচিত বলে পুলিশের অনুমান, ফ্ল্যাটে জোর করে প্রবেশের চিহ্ন মেলেনি। পূর্ব দিল্লির ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি মায়ের জন্য ওষুধ পাঠানোর ব্যবস্থা করছিলেন।
২০২৩ সালে রাজা গার্ডেনের শিবাজি কলেজে স্থায়ী সহকারী অধ্যাপক পদে তিনি যোগ দেন। কে বা কারা তাঁকে নৃশংস ভাবে হত্যা করল, এর উদ্দেশ্য কি, তা জানতে দিল্লি পুলিশ উচ্চ পর্যায়ের তদন্ত করছে।

Be the first to comment